আপন সত্তা
মহাকালের গর্ভে জন্মেছি
অরণ্যের সবুজ নিয়ে,
মেহেদিপাতার রঙ দিয়ে,
অন্তরিক্ষের বক্ষে,
আবেগের ছোঁয়ায় এঁকেছি
প্রেমময় কারুকার্য।
সময় নদীর গতি যদিও পুরাতন,
বহে নিরন্তর,
ধির-স্থির মহাকাল
ধরে নেয় বেখেয়ালি মন-
আলেয়ার বুকে করে আলিঙ্গন।
ভ্রমরের পাকে আকড়ে ধরে,
পরাগরেনু পরাগায়নের স্বপ্ন দেখে,
নদী পূর্ণতা লভে জলধরের সান্নিধ্যে;
কিছু পরাগরেনু ঝরে পরবে
নদী পথ হারিয়ে-
বাওর এর জন্ম দিবে
এতো অবিশ্বাস্য নয়।
ব্যর্থতা ঝঞ্ঝার বীজ
মৃত্তিকার গহবরে
প্রকৃতি বপন করেছে
সেই অনাদি কালে;
তবু ব্যর্থতার করুন সুর
রক্তে-রক্তে আঘাত হানে
কম্পিত হৃৎপিণ্ড-
বসবাস করে নতুন প্রজন্মের বুকে।
মেদিনী বাজায় মুরলী
মায়াময় অদৃশ্য ডোরে
আবদ্ধ মানব-মানবী
কিছু বিচ্ছেদ জন্ম দেয়
দুঃখের বাধহীন নদী
হারিয়ে যায় মায়াময় মুখ-
চিরায়িত রীতি স্তব্ধ করে
স্বজনের আহারাজি
মেদিনী বাজায় মুরলী।
চারিদিকে মানুষের ভিড়
ব্যস্ততা গিলে খায় আপন সত্তা
প্রিয়জন পরম স্বজন সবি আপাত
আমার মাঝে আমিত্বই প্রকৃত
পৃথিবী গায় একাকিত্বের গান।